মোঃ সোলাইমান, মুলাদী
বরিশালের মুলাদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও টানাহেঁচড়া, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী মোতালেব সিকদার (৬৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর বাটামারা এলাকায় মোতালেব সিকদারের বসতঘরে এ ঘটনা ঘটে।
অভিযোগে মোতালেব সিকদার উল্লেখ করেন, প্রতিবেশীদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে গালিগালাজ এবং বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার দিন দা, লাঠি, লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর বসতঘরে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রী ও মেয়েকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘরের আলমারিতে রাখা ৩ লাখ ১২ হাজার টাকা, আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার—এক জোড়া রুলি ও একটি চেইন—নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঘরের মালামাল তছনছ এবং বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তদের একজন দা উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেন। ভাঙচুর ও লুটপাটে বাধা দিতে গেলে কয়েকজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগও করেছেন মোতালেব সিকদার।
মোতালেব সিকদার জানান, ঘটনার সময় তিনি মাছের ঘেরে ছিলেন। পরে চিৎকার শুনে বাড়িতে এসে ঘটনাটি জানতে পারেন এবং আশপাশের লোকজনকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী ও সাক্ষী রয়েছেন বলেও তিনি দাবি করেন।




